ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশু সহ ৫জন নিহত।

শাহ জাহান আমির,বিশেষ প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন নিহত এবং একজন নারী আহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেলে দুই উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এর মধ্যে, গোকর্ণ ভাঙ্গা ব্রিজ এলাকায় শামসুল হুদা (৬৫) নামে এক বৃদ্ধ গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে ছিলেন।
অপরদিকে, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক শ্রমিক বজ্রপাতে মারা যান। তার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে। মরদেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া, উপজেলার ভলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম (৮) নামে এক শিশু উঠানে খেলা করার সময় বজ্রপাতে মারা যান। সে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) নামে এক বৃদ্ধ এবং একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) নামে এক যুবক বজ্রপাতে মারা গেছেন। এসময় দুটি গরুও মারা যায় বলে জানা যায়।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *