ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২পক্ষের সংঘর্ষে ১০ জন আহত।
মঙ্গলবার (১৩ মে) সকালে সদর উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের বাড়ি ও সলিম বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাড়িঘরে হামলা চালিয়ে উভয়পক্ষের ১০/১২ টি ঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয়রা জানান, সলিম বাড়ির শহিদ মিয়ার ছেলে চান্দের বাড়িতে বসে গতকাল রাতে কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিল। এসময় চান্দের বাড়ির লোকজন তাতে বাধা দিলে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ড শুরু হয়।
এক পর্যায়ে গতকাল রাতেই দুইপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালিন সময়ে উভয়পক্ষের ১০/১২টি বাড়িতে ভাঙ্গচুর চালায় দাঙ্গবাজরা। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, দীর্ঘদিনের গোষ্ঠিগত দ্বন্ধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।