ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে জাবেদ মিয়া (৪০) নামে এক কীটনাশক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাবেদ মিয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা এবং জগত বাজারের একটি কীটনাশকের দোকানের মালিক।
জানা গেছে, তিনি জগত বাজার মসজিদে নামাজ আদায় শেষে রেলস্টেশনের রেললাইন দিয়ে হাঁটার সময় নাসিরাবাদগামী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। দুইদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।