পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন।
সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত সংগঠন “পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন” এর উদ্যোগে নাসিরনগরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের হল রুমে আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলেজ মাঠ প্রাঙ্গণে চলে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনজিত কুমার দেব। পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য আশিকুল হক আফনান। এছাড়া বক্তব্য রাখেন কলেজের প্রভাষক শাহজালাল, সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্র দাস, শিক্ষিকা সাইমা আক্তার, মাওলানা জসিম উদ্দিন ও খাইরুল ইসলাম।
পরে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ সনজিত কুমার দেব। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাকির হোসেন, শেখ রাসেল, বাপ্পি আহমেদ, সুজন মিয়া, নীলা আক্তার, সনিয়া ইসলাম, হৃদয় মিয়া, পারভেজ ইভান, সফিউল্লাহ, জিসান ও আতিকুল।
সংগঠনের প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ বলেন,
> “আজকের ক্যাম্পেইনের মাধ্যমে ২৬৫ জন শিক্ষার্থীকে রক্তের গ্রুপ জানাতে পেরে আমরা আনন্দিত। শুধু আজ নয়, বরং উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অধ্যক্ষ সনজিত কুমার দেব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
> “যে স্লোগান নিয়ে তোমরা সামনে অগ্রসর হচ্ছো, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তোমরা আমাদের সন্তান, তোমাদের জন্য অনেক শুভ কামনা রইল।”
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এমন উদ্যোগ শুধু শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করবে না, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।