নিজস্ব প্রতিবেদক।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে অফিস সময়সূচি, বিপণিবিতান বন্ধ এবং আলোকসজ্জার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে ও বিদ্যুৎ সাশ্রয়ে এখন থেকে সকল সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে গ্রাহক লেনদেন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এবং বিকেল ৪টার মধ্যে ব্যাংক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ার সকল শপিংমল ও মার্কেট প্রতিদিন সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখতে হবে। এছাড়া বিয়ে বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলার বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই সমাপ্ত করতে হবে। একই সাথে সকল বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে জনসাধারণের দুর্ভোগ এড়াতে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। অর্থাৎ এগুলো স্বাভাবিক নিয়মে খোলা রাখা যাবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই সকল নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়া এই নির্দেশনাগুলো সর্বসাধারণের অবগতির জন্য প্রচার করছে। জেলা প্রশাসন জেলাবাসীকে এই সংকটকালীন সময়ে সহযোগিতা করার এবং নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।