নিজস্ব প্রতিনিধি
সিলেটে ফুটবল খেলা কেন্দ্র করে কিশোর মো. রিফাত আহমেদ (১৫) হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গত ২১ আগস্ট রাতে র্যাব-৯ এর সিলেট সদর কোম্পানি ও ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ এর একটি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির নাম জুয়েল আহমেদ (১৮)। সে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন হাদারপাড় গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত রিফাত আহমেদ চৌকিদেখীস্থ দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। গত ২১ জুলাই বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন এরিনা ফুটসাল ইনডোর মাঠে রিফাতের বন্ধু রাফির দল এবং ১নং বিবাদী শুয়েব আহমেদের দলের মধ্যে ফুটবল খেলা চলাকালে ফাউল করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাফির দল মাঠ ছেড়ে যেতে চাইলে বিবাদীরা হুমকি দেয়। রাফি তার বন্ধু রিফাতকে ফোন করে বিষয়টি জানালে রিফাত বিকেল সাড় ৭টার দিকে কাজীরবাজারস্থ সেলফি ব্রিজের ওপর পৌঁছায়। সেখানে ওঁৎ পেতে থাকা বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিফাত ও তার বন্ধুদের ওপর হামলা চালায়।
হামলায় রিফাতসহ সাব্বির আহমেদ, আব্দুস সামি ও রবিউল গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রিফাতের মা বাদী হয়ে এসএমপির সিলেট কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪০, তারিখ: ৩০/০৭/২৬ খ্রি.)।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।