নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন (রেব-৯)-এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে কসবা থানাধীন তিনলাখ পীর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করে রেব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুর এলাকার মোঃ সজীব সরকার,মোঃ ইউসুফ মিয়া, মোঃ ওমর হোসেন জীব খান, মোঃ আল আমিন ওরফে রানা সরকার এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কাঞ্চনা এলাকার ধ্রুব পাল।
রেব সূত্রে জানা যায়, কায়েমপুর এলাকা থেকে অটোরিকশা যোগে মাদকের একটি চালানের খবর পেয়ে রেবের দলটি মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। পরে একটি অটোরিকশা থামানোর সিগন্যাল দিলে ভেতর থেকে ৫ জন নেমে পালানোর চেষ্টা করে। রেব সদস্যরা তাদের আটকে জিজ্ঞাসাবাদ করলে তারা ড্রাইভারের সিটের নিচে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে নীল রঙের পলিথিন ও খাকি টেপে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পরষ্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রেবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।