ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টাকার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি আহাম্মদ আলী সোহানকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আহাম্মদ আলী সোহান নাসিরনগর উপজেলার মৃত মনু মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ২৭ জুলাই সকালে প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিশু মক্তবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আসামি সোহান কৌশলে টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি দেখতে পেয়ে আসামির ভাতিজি ভিকটিমের বাড়িতে গিয়ে তার দাদিকে জানায়। পরবর্তীতে ভিকটিমের দাদি আসামির বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। পরিস্থিতি বেগতিক দেখে আসামি ভিকটিমকে নিচে নামিয়ে দেয়। কান্নারত অবস্থায় শিশুটি পরিবারকে বিষয়টি জানালে ভিকটিমের বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামি সোহান পলাতক ছিল। ঘটনার পর থেকে র্যাব-৯ এই বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ০৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল অভিযান চালিয়ে বিজয়নগর থেকে সোহানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।