জহির শাহ্ | বার্তা সম্পাদক
সরাইল উপজেলার অরুয়াইল বাজারের চুনিলাল মিষ্টি এখন শুধু গ্রামের নয়, শহরের ক্রেতাদেরও প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। দোকানের সামনে প্রতিদিন সকাল থেকেই ক্রেতাদের ভিড় জমে, এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তৈরি প্রতিদিনের মিষ্টি শেষ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও হবিগঞ্জ ও কিশোরগঞ্জের মানুষরা অরুয়াইল বাজারে এসে চুনিলাল মিষ্টি কিনে নিয়ে যান। এই মিষ্টির খ্যাতি মূলত সুনীল মল্লিকের সৃষ্টিশীলতায় গড়ে উঠেছে। সহজ উচ্চারণের নাম ‘চুনিলাল’ থেকে মিষ্টির নামকরণ করা হয়।
দোকানটিতে শুধু এই এক ধরনের মিষ্টিই পাওয়া যায়। প্রতিদিন বেলা দেড়টা থেকে বিক্রি শুরু হয়। এক কড়াইয়ে প্রায় ৮০টি মিষ্টি তৈরি হয়। একদিকে বিক্রি চলতে থাকে, অন্যদিকে নতুন করে মিষ্টি তৈরি করা হয়। এই নিয়মে প্রতিদিন আড়াই শর মতো মিষ্টি তৈরি হয়।
অরুয়াইল বাজারের ব্যবসায়ী মিলন চক্রবর্তী বলেন, “চুনিলালের মিষ্টির কারণে আমাদের বাজারের সুনাম অনেক বেড়েছে।”
সুনীল মল্লিক জানিয়েছেন, মিষ্টি তৈরি করতে তিনি ভালো দুধ ব্যবহার করেন এবং কোনো ধরনের ভেজাল ছাড়াই মিষ্টি বানানোর চেষ্টা করেন। তিনি বলেন, “আমার লক্ষ্য, প্রতিটি ক্রেতার কাছে সুস্বাদু এবং নিরাপদ মিষ্টি পৌঁছে দেওয়া।”