মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ।

নিজস্ব প্রতিনিধি

মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় লিফলেট ও স্টিকার বিতরণ করেছে “ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া”।

“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষ, যাত্রী ও তরুণদের মাঝে সচেতনতামূলক লিফলেট এবং স্টিকার বিতরণ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী। তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে যুবসমাজের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ পরিস্থিতি মোকাবিলায় আমরা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে কাজ করব।”

তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এ বিষয়ে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সাঈদ আব্দুল্লাহ হিমু, তারিফ হাসান, শামীম আহমদ, আদনান সামী, আসাদুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা ব্রাহ্মণবাড়িয়াকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *