নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার পর সোমবার শহরের কাউতলী এলাকা থেকে ছাত্রলীগের ৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের রহিম আলীর ছেলে তারেক, মৃত আরব আলীর ছেলে ইমন মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিন পৈরতলার হারিজ মিয়া ছেলে রিয়াজ আহম্মেদ অপু।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সানি শাহের নেতৃত্বে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র টিএ রোড থেকে শুরু হয়। মিছিলে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার দেখা যায়। ব্যানারে ‘প্রত্যাবর্তন ২.০, শেখ হাসিনা আসছে’ এবং ‘ডেডলাইন নভেম্বর, হেডলাইন ডিসেম্বর’ লেখা ছিল।
মিছিলটি টিএ রোড থেকে শুরু হয়ে থানা ব্রিজ হয়ে সদর থানা সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সানি শাহ বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ একত্রিত হয়েছে।
এ সময় তারা জেলা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন বক্তব্য দেন এবং ছাত্রদলের কথিত অস্ত্র ও রক্তের রাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগ ‘ফুল ও ভালোবাসা দিয়ে রাজপথ জয় করবে’ বলে মন্তব্য করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তিনজনক গ্রেফতার করেছে। মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।