নিজস্ব প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে জনাব মো. তৈমোর হোসেন খানকে মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (Assistant Private Secretary to the Hon’ble President) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. তৈমোর হোসেন খানকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়োগ যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সে সময় পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় কার্যার্থে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এদিকে, মো. তৈমোর হোসেন খানের রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগের খবরে তাঁর শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছা দেখা দিয়েছে। লন্ডনপ্রবাসী কবির আহমেদের পক্ষ থেকেও প্রিয় বড় ভাই মো. তৈমোর হোসেন খানের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।
নতুন দায়িত্বে মো. তৈমোর হোসেন খান সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।