ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ৮৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সরাইল থানাধীন শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহীর তানোর থানার শ্রীখন্ডা গ্রামের ইউনুস মোল্লার ছেলে ট্রাকচালক মো. ইব্রাহিম মোল্লা (৪২), একই জেলার দামকুড়া থানার নতুন কসবা গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. মোরশালিন প্রকাশ রঞ্জু (১৯) এবং হবিগঞ্জের মাধবপুর থানার জলবাংগা গ্রামের মো. খোরশেদ মিয়ার ছেলে মো. শাকিব মিয়া (২০)।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে র্যাব-৯ এর সদর কোম্পানী, চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল সরাইলের শাহবাজপুর মোড়ে অবস্থান নেয়। সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি নীল-হলুদ রঙের কার্গো ট্রাককে সিগন্যাল দিলে চালক ও সঙ্গীরা ট্রাক থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা তাদের আটক করেন।
পরে ট্রাকের পেছনে বডির ওপর থেকে ৬টি বস্তায় ১৭টি বান্ডিলে পলিথিন ও কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।