জহির শাহ্, বিজয়নগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলায় গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি। স্থানীয়ভাবে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে ধরতে চালানো হয় এ অভিযান, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অপরাধ জগতের এক প্রভাবশালী মুখ বলে এলাকাবাসীর দাবি।
সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়েই সাদ্দাম পালিয়ে যেতে সক্ষম হন, তবে অভিযানের সময় তার ভাই মো. আসাদ মিয়া (৩৮) গ্রেফতার হন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসাদের কাছ থেকে উদ্ধার হয় রিভলভারটি, গুলি এবং দুটি স্মার্টফোন—যেগুলো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
অস্ত্রটি পাওয়া যায় একটি গর্ত খুঁড়ে, যা প্রায় ৪ থেকে ৫ ফুট গভীরে মাটির নিচে পুঁতে রাখা ছিল। আশুগঞ্জ থানার ওসি খাইরুল আলম বলেন, “আসাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
প্রসঙ্গত, সাদ্দাম হোসেন ২০২৪ সালের ৪ আগস্টে সংঘটিত এক রক্তক্ষয়ী হামলার মামলার প্রধান আসামি। ওই হামলায় ছাত্র-জনতা গুরুতর আহত হন। এলাকাবাসীর দাবি, সাদ্দাম দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
অভিযানের পর জনমনে কিছুটা স্বস্তি দেখা দিলেও সাদ্দামের পলায়ন এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই অভিযান কেবল একটি সূচনা মাত্র—এখন সময় এসেছে পুরো অপরাধচক্রকে শনাক্ত করে দমন করার।