ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৭ আগস্ট) ভোরে চান্দুরা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশির মাধ্যমে পুরোনো কার্টনের আড়ালে লুকানো ভারতীয় উন্নতমানের ৪৪৯ পিস লেহেঙ্গা ও ১৪৭ পিস শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা।
উদ্ধারকৃত পণ্য আখাউড়া কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের প্রবেশ ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে।