ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, শহরে কার্যক্রম স্থবির

জহির শাহ্ | বার্তা সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাঁচটি প্রধান বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের নীতি ও নেতা নিপীড়নের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। আনন্দবাজারের ঐতিহ্যবাহী বাঁশ বাজারের লিজ বাতিল, ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘট ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে নিউমার্কেট, আনন্দ বাজার, সড়ক বাজার, লাখী বাজার ও টানবাজারে শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, আনন্দ বাজার মাছ ও শুঁটকি মহলের যুগ্ম সম্পাদক আবুল হাসানাত ভজন, সড়ক বাজারের ব্যবসায়ী মোখলেছ আহমেদসহ অন্যান্য বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের দাবি ছিল মালামাল ওঠানামার সুবিধার জন্য বাঁশ বাজার এলাকায় একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা হোক। কিন্তু প্রশাসন তাদের দাবি উপেক্ষা করে সম্প্রতি ৩৩ জনের নামে গোপনভাবে জায়গার লিজ প্রদান করেছে এবং লিজ গ্রহীতাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

ব্যবসায়ী নেতাদের অভিযোগ, এই লিজের নামে জেলা প্রশাসক ও ইউএনও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকার হিসাব গোপন রাখতেই লিজ নিয়ে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ তুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে সড়ক বাজারের ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনকে পুলিশ তার বাসা থেকে আটক করে।

ধর্মঘটের কারণে জেলার প্রধান পাঁচটি বাজার বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা পণ্য না পেয়ে চরম সমস্যার মুখোমুখি হয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, লিজ বাতিল ও আটক নেতার মুক্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *