আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের এক বিশাল ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও ভিডিপি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৮০৫টি ভোটকেন্দ্রে মোট ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য নিয়োজিত থাকবেন, যাদের মধ্যে ৩জন সদস্য অস্ত্র বহনের অনুমতি পাবেন।
ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেন, “নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করা প্রতিটি আনসার সদস্যের ঈমানী দায়িত্ব। সদস্যদের থাকা-খাওয়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ রয়েছে।” স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি আরও জানান, দায়িত্ব পালনকারী কোনো সদস্যকে নগদ টাকা প্রদান করা হবে না; তাদের প্রাপ্য ভাতা সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে। নির্বাচনের ৮ দিন আগে থেকেই সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস; ১৫ আনসার ব্যাটালিয়ন সুহিলপুরের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মনিরুজ্জামান।
প্যারেডে জেলার ৯টি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশিক্ষক ও মহিলা প্রশিক্ষকগনসহ মাঠ পর্যায়ের হাজারো সদস্য অংশগ্রহণ করেন। সুশৃঙ্খল এই প্যারেডের মাধ্যমে আসন্ন নির্বাচনে জেলাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।