নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামীর হাতে স্ত্রী খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত গৃহবধূর নাম সুমি আক্তার (৩৪)। তিনি শান্তিনগর গ্রামের সোহাগ মিয়ার চারতলা ভবনের একটি ভাড়া বাসায় স্বামী মো. খোরশেদ আলমের সঙ্গে বসবাস করতেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত স্বামী মো. খোরশেদ আলমের বাড়ি উপজেলার টানমান্দাইল গ্রামে।
পুলিশ জানায়, সন্ধ্যার পর দীর্ঘ সময় ধরে সুমির কোনো খোঁজ না পেয়ে তার মা ও ভাই বাসায় এসে বাইরে থেকে তালাবদ্ধ দরজা দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা সুমিকে ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।