নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিড়ির নিচে তালাবদ্ধ অবস্থায় রাখা একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। গত রবিবার (৩০ আগস্ট) রাত ১১:৩০ থেকে সোমবার (৩১ আগস্ট) সকাল ৬:০০ টার মধ্যে যেকোনো সময়ে নবীনগর থানা সংলগ্ন নারায়নপুর গ্রামে কামরুল হুজুরের বাসার সিড়ির নিচে এই চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও আলীয়াবাদ গ্রামের মৃত আবদুল মোমেনের ছেলে মো: এমদাদুল বারী (৪১) অজ্ঞাতনামা চোর বা চোরদের অভিযুক্ত করে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এমদাদুল বারীর ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার মো: রুবেল আমীন গত রবিবার রাতে ব্যবসায়িক কাজে ব্যবহৃত লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি নারায়ণপুর গ্রামের কামরুল হুজুরের বাসার কলাপসিবল গেটে তালা দিয়ে সিড়ির নিচে রাখেন। পরদিন সকাল ৬টার দিকে রুবেল আমীন ঘুম থেকে উঠে দেখেন কলাপসিবল গেটের তালা কাটা এবং মোটরসাইকেলটি সেখানে নেই।
চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর বি-বাড়িয়া-ল-১১-৭৭২৫, ইঞ্জিন নম্বর DHXCMK19267 এবং চেসিস নম্বর PSUA11CY6MTC99009। গাড়িটির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা।
পরবর্তীতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী পরিবার ও ম্যানেজারের সাথে আলোচনা করে থানায় হাজির হয়ে এ অভিযোগটি দায়ের করেন।
এ বিষয়ে নবীনগর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।