নিজস্ব প্রতিনিধি
মাপে তেল কম দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার অপরাধে ব্রাহ্মণবাড়িয়া সদরের এক তেল বিক্রয় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে সদর উপজেলার ভাদুঘর (মোল্লাবাড়ি মোড়) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ভাদুঘর এলাকার ‘মেসার্স আরেফিন ট্রেডার্স’ (প্রোপ্রাইটর: মুসলিম আহমেদ শাহেদ) নামের পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রয় প্রতিষ্ঠানে পরিমাপ পরীক্ষা করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ৫ লিটার জ্বালানি তেলে ২০০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছে। পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক অপরাধ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করেন।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও নগদ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় জেলায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।