নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গতকাল রোববার (০৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে বিজয়নগর থানার পত্তন ইউনিয়নের কেশবপুর এলাকার একটি ইটের সলিং রাস্তার ওপর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। খবর পেয়ে র্যাব উপস্থিত হলে উপস্থিতি টের পেয়ে ১ ব্যক্তি তার মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কৌশলে রাখা ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসহ সংক্রান্ত বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।