নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানে পারফর্ম করার কথা বলে এক নৃত্যশিল্পীকে (১৬) নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
গ্রেপ্তারকৃত আসামির নাম মুজাহিদ (১৮)। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বুড্ডা এলাকার আবদুর মিয়ার ছেলে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় সিলেট জেলার বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১নং বিবাদী রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সাথে যোগাযোগ করে ১০ সেপ্টেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ৯,০০০ টাকায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ভিকটিম তাঁর সঙ্গীদের নিয়ে ১০ সেপ্টেম্বর সরাইল পৌঁছালে আসামিরা তাঁদের শাহাবাজপুর ব্রিজের নিচে নিয়ে যায় এবং তিতাস নদীর মাঝপথে নৌকার ইঞ্জিন বন্ধ করে ভিকটিমাকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ১১/০৯/২৬) দায়ের করলে এসআরবি-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ দল বিয়ানীবাজারে অভিযান চালিয়ে পলাতক আসামি মুজাহিদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি অপরাধের কথা স্বীকার করেছে।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে