নিজস্ব প্রতিনিধি
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা থেকে বহুমুখী শিল্পোদ্যোগ—সাইমুম সাইরাসের পেশাগত কর্মকাণ্ডের পরিসর বিস্তৃত এই দুই ধারায়। এবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত সাইমুম গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাইমুম সাইরাস। টেকসই নির্মাণসামগ্রী ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ থেকে মেডিকেল অক্সিজেন সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানি ও সিরামিক শিল্প—বিভিন্ন খাতে রয়েছে গ্রুপটির ব্যবসায়িক কার্যক্রম।
তাঁর এই নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে বিপিএমসিএর সাংগঠনিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য পরিবর্তন। সংগঠনটির নেতৃত্ব নির্ধারণে প্রথমবারের মতো সরাসরি ভোট দেন সদস্যরা। ২০২৫ সালের ১৬ জুলাই রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ১১০ জন যোগ্য ভোটারের মধ্যে ৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন।
সহসভাপতির দায়িত্ব পেয়েছেন পপুলার মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান; চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন; গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান; ইউনিভার্সাল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।
দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন হিসেবে বিপিএমসিএর ভূমিকা প্রাতিষ্ঠানিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্যসেবার নীতিগত আলোচনাতেও বিস্তৃত। সদস্য প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা ও সেবার মানোন্নয়ন সংগঠনটির ঘোষিত অগ্রাধিকারের অন্তর্ভুক্ত। এই বৃহত্তর দায়িত্বের পরিসরেই কাজ করে এর নির্বাচিত নেতৃত্ব।