ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে সোমবার বিকেলে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। রাজধানীমুখী আন্তনগর মহানগর এক্সপ্রেস হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আশুগঞ্জ স্টেশনে ঢোকার ঠিক আগে ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝের সংযোগ ছিঁড়ে গেলে সামনের অংশ নিরাপদে স্টেশনে প্রবেশ করে, কিন্তু পেছনের পাঁচটি বগি লাইনেই আটকে থাকে।
ঘটনাস্থলে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ভেবেছিলেন বড় কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। পরে রেলকর্মীরা দ্রুত ট্রেনটিকে পিছনে নিয়ে গিয়ে বিচ্ছিন্ন বগি যুক্ত করার চেষ্টা চালান, তবে শুরুতে তা সম্ভব হয়নি। এ কারণে কিছু সময় রেল চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তদন্ত চলছে। ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।