নিজস্ব প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যদের (এমপি) শিক্ষাগত যোগ্যতার কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা না থাকায় স্থানীয় সরকার নির্বাচনেও প্রতিনিধিদের জন্য শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জনপ্রতিনিধি নির্বাচনে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিলে ভোটারদের পছন্দের অধিকার সংকুচিত বা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি চলে আসতে পারে। যেকোনো যোগ্য নাগরিকের জনগণের সেবা করার গণতান্ত্রিক অধিকার রয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারেন না। তবে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কিত সার্বিক বিধিমালা তৈরি করে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন যদি মনে করে, তবে তারা আইন ও বিধিমালা পর্যালোচনা করে শিক্ষকদের অংশগ্রহণের বিষয়টি নির্ধারণ করবে। এ বিষয়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মত চাইলে তারা তা আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে স্পষ্ট করবে।
সচিবালয়ে আজকের এই ব্রিফিংয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।