নিজস্ব প্রতিবেদক,
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিলেট-এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে দুটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (০৩ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ১২:৫৫ মিনিটে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন দক্ষিণ পৈরতলা এলাকার টু কুমিল্লাগামী মহাসড়কসংলগ্ন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পূর্ব পাশে একটি নির্মাণাধীন ভবনের ফাঁকা জায়গায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে ওই স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি কালো পলিথিন ব্যাগ থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান এবং দুটি লিডবল শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি পাইপগানের বডিতে খোদাই করে ‘HATIM’ লেখা রয়েছে এবং এর দৈর্ঘ্য ১১ ইঞ্চি, যাতে ফাইরিং পিন ও ট্রিগার সংযুক্ত রয়েছে। এছাড়া বিশেষ লোহার পাত ও ঝালাইয়ের মাধ্যমে হাতল তৈরি করা অন্য পাইপগানটির অগ্রভাগ ও হাতলসহ পশ্চিমাংশ সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। কার্তুজ দুটির গায়ে ইংরেজিতে বিভিন্ন নম্বর ও ‘SPAIN’ লেখা রয়েছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।