বাংলাদেশের বিদ্যুৎ খাতে চলমান অস্থিরতার প্রভাব এবার ব্রাহ্মণবাড়িয়াতেও পড়েছে। জেলার পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৭০০ কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণছুটিতে চলে যাওয়ায় সাড়ে পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎ সেবার অনিশ্চয়তায় ভুগছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দুই দিনের মধ্যে হাজার হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, গত ৩১ আগস্ট থেকে চার দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছিলেন কর্মচারীরা। কিন্তু সম্প্রতি সাতজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার পর পরিস্থিতি জটিল আকার ধারণ করে এবং তারা গণছুটি ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (আরইবি) ব্যাপক দুর্নীতি চলছে। ৪০ লাখ প্রিপেইড মিটার, নিম্নমানের ট্রান্সফরমার ও অন্যান্য সরঞ্জাম কেনায় অনিয়মের কারণে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে, ফলে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো—আরইবি ও দেশের সব পল্লী বিদ্যুৎ সমিতির জন্য অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কর্মরতদের চাকরি স্থায়ী করা এবং দুর্নীতির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা। তারা অভিযোগ করেন, কেউ আন্দোলনে নামলেই চাকরিচ্যুত হওয়ার শিকার হন।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অনুপস্থিত থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সমিতির অভ্যন্তরে বিভক্তি তৈরি হয়েছে—এক পক্ষ দায়িত্ব পালনের পক্ষে, অন্য পক্ষ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
কেবল ব্রাহ্মণবাড়িয়ায় নয়, সারাদেশেই একই পরিস্থিতি বিদ্যমান। এতে ব্যবসায়ী, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বিপাকে পড়েছেন। স্থানীয়রা দ্রুত এই সংকট নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।