ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পূর্ব কালাছড়া এলাকায় বিশেষ অভিযানে ৯,৮৬৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, একইদিন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী এলাকায় অভিযানে ২ জন আসামীসহ ৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মাদক ও মালামালের সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৩ লাখ ১ হাজার ১০০ টাকা। আটককৃত আসামীদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনোভাবেই ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।