ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকির ধর্মবিরোধী ও মূল্যবোধবিরোধী বক্তব্যের বিরুদ্ধে শনিবার (১১ অক্টোবর) বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় নারীরা। ‘বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দুপুরের দিকে শতাধিক নারী অংশ নেন।
বিক্ষোভকারীরা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বক্তারা অভিযোগ করেন—জুনায়েদ সাকি দীর্ঘদিন ধরে ধর্ম, সংস্কৃতি ও সামাজিক শৃঙ্খলা নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন, যা দেশের মৌলিক মূল্যবোধে আঘাত হানছে।
সমাবেশে প্রধান বক্তা সানজিদা আক্তার ফারজানা বলেন, “আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই—বাঞ্ছারামপুরে ধর্মবিদ্বেষী কোনো রাজনীতি বরদাশত করা হবে না। এখানে ধানের শীষের রাজনীতি চলবে, মূল্যবোধের রাজনীতি চলবে।”
এ সময় মিছিলকারীরা ‘ধানের শীষ ব্যতীত অন্য প্রতীক অবাঞ্ছিত’ স্লোগান দিয়ে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রতি ঐক্যবদ্ধ সমর্থনের ঘোষণা দেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নেত্রী আছিয়া আক্তার, শাহেরা খাতুন ও মোসাম্মত নয়ন। তারা বলেন, “যারা ধর্ম ও সংস্কৃতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের মোকাবিলা করতে হবে ঐক্যের শক্তি দিয়ে।”
শেষে বিক্ষোভকারীরা নৈতিক সমাজ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়ে সাংস্কৃতিক আগ্রাসন ও ধর্মবিরোধী প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করেন।