ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের সঞ্চয় আমানতের মুনাফা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে ভুক্তভোগী গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় আশুগঞ্জের মুন্সি মার্কেট এলাকার এক্সিম ব্যাংক শাখার সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা জানান, একীভূতকরণের পর সঞ্চিত আমানতের মুনাফা না পাওয়ায় তারা আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের সঞ্চয়ের মুনাফা সংক্রান্ত বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় আমানতকারীদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।
মানববন্ধন শেষে ভুক্তভোগী গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংক আশুগঞ্জ শাখার প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে আমানতকারীদের মূল টাকা ও মুনাফা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় বিমল কুমার মণ্ডল, মনিরুল ইসলাম, প্রভাত কুমার বিশ্বাস, মোস্তফা কামাল, সুবর্ণা, কৃষ্ণ দাস, মনিন্দ্র নাথ ঘরমি ও নির্মল চন্দ্র রায়সহ অন্যান্য ভুক্তভোগী গ্রাহকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিষয়টির দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের দাবি অব্যাহত রাখবেন।