নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক (উপসচিব) মো. আবু সাঈদ।
রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে দেশের মোট ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো, রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার (চুয়াডাঙ্গা), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাত (খুলনা), অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার (মাদারীপুর), জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমান (চাঁদপুর), মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি.এম. সরফরাজ (হবিগঞ্জ), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া (নরসিংদী), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায় (মেহেরপুর), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপসচিব মুহাম্মদ রাশেদুল হক প্রধান (লালমনিরহাট) এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌস (বান্দরবান)।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।