আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় প্রায় (৪৫ বছর বয়সী) এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি পুকুরের উত্তর-পশ্চিম কোণ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখনো ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত কোনো এক সময় ওই নারীর মৃত্যু হয়েছে এবং পরে মরদেহটি পানিতে ভেসে ওঠে। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে। আঙুলের ছাপ নেওয়ার মতো অবস্থাও নেই, ফলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় শনাক্তে তাৎক্ষণিকভাবে সহায়তা করতে পারেনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, পরিচয় শনাক্ত না হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, মৃত নারীটি দীর্ঘদিন ধরে ভবঘুরে হিসেবে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *