নিজস্ব প্রতিবেদক
দেশে দীর্ঘ ১৪ মাস ধরে বন্ধ রয়েছে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। প্রয়োজনীয় ভিটামিন ক্যাপসুলের তীব্র সংকটের কারণেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত বছরের (২০২৫) মার্চ মাসে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। নিয়মানুযায়ী বছরে দুবার এই কর্মসূচি পালন করার কথা থাকলেও গত বছরের সেপ্টেম্বর এবং চলতি বছরের মার্চের দুটি ক্যাম্পেইন পুরোপুরি ভেস্তে গেছে।
গত মাসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত জানিয়েছিলেন, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের (UNICEF) কাছ থেকে ১০ই জুনের মধ্যে এক কোটিরও বেশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাওয়া যাবে। তবে নির্ধারিত সেই সময় পার হয়ে গেলেও এখনো কোনো ক্যাপসুল এসে পৌঁছায়নি।
এদিকে ১০ই জুনের মধ্যে ক্যাপসুল আসার তথ্যটি অস্বীকার করেছেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী। তবে ক্যাম্পেইনটি পুরোপুরি ‘বন্ধ রয়েছে’—এমনটি মানতে নারাজ তিনি।
ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন,”ক্যাম্পেইন বন্ধ রয়েছে এটা বলা যাবে না। আমাদের চেষ্টা ও তদবির অব্যাহত আছে। ক্যাপসুল পেতে কিছুটা বিলম্ব হওয়ার কারণেই মূলত কর্মসূচিটি পেছাচ্ছে।”
তিনি আরও জানান, প্রয়োজনীয় ক্যাপসুল হাতে পাওয়া সাপেক্ষে আগামী জুনের শেষ সপ্তাহে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর একটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বছরে দুবার এই ক্যাপসুল খাওয়ানো শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমাতে অত্যন্ত জরুরি। কিন্তু দীর্ঘ ১৪ মাস এই কার্যক্রম বন্ধ থাকায় দেশের কোটি কোটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। জুনের শেষ সপ্তাহেও এই ক্যাম্পেইন শেষ পর্যন্ত শুরু করা যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।