আশুগঞ্জে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, দুজন আটক।

নিজস্ব সংবাদদাতা,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মো. সাইম (২৪) নামে সৌদি আরবপ্রবাসী এক যুবককে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রীসহ শ্বশুরবাড়ির পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে নিহতের পরিবার।

মামলার পর আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। নিহত সাইম উপজেলার খোলাপাড়া এলাকার মো. শাহজাহান আলমের ছেলে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই মো. মেহেদী হাসান মামলার এজাহারে উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে প্রতিবেশী ও তাদের আত্মীয় আব্দুল আহাদের মেয়ে ফাওজিয়া আক্তারের সঙ্গে সাইমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ দিন আগে বুকে ব্যথার কারণে চিকিৎসার জন্য সৌদি আরব থেকে দেশে ফেরেন সাইম। এর মধ্যে দাম্পত্য বিরোধের জেরে তাঁর স্ত্রী যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় সাইমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

মামলার এজাহারে বলা হয়, সোমবার রাতে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে আসছে—এমন খবর পেয়ে সাইম পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁর স্ত্রী ফাওজিয়া আক্তার ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ধাওয়া করে ফসলি জমির পাশের একটি ড্রেনে নিয়ে মারধর করেন। এতে তাঁর ঘাড় ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ কাদামাখা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা মামলার এক ও দুই নম্বর আসামি। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *