ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেইটে ১৫ আগস্টের ব্যানার, ভিডিও নিয়ে চাঞ্চল্য।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেইটে ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে ব্যানার টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে রাতের বেলায় ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেইটের সামনে একটি ব্যানার টানানো অবস্থায় দেখা যায়। ব্যানারে ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা উল্লেখ রয়েছে। এতে ‘কাজী মেহেদী হাসান, কর্মী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ’ নামও দেখা যায়।

তবে ভিডিওটি ঠিক কোন সময়ে এবং কোন তারিখে ধারণ করা হয়েছে, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ভিডিওটি ১৩ আগস্টের নাকি এর আগে ধারণ করা—তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ফেসবুকে পোস্টটি দেখার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে গিয়ে এ ধরনের কোনো ব্যানার পাওয়া যায়নি।”

আদালতের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার গেইটে রাজনৈতিক সংগঠনের নামে ব্যানার টানানোর ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। তবে ভিডিওটির সত্যতা, ধারণের সময় এবং কারা ব্যানারটি টানিয়েছেন—এসব বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *