বিশেষ প্রতিনিধি,
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মানবিক সেবায় অবদান রাখার প্রত্যয় নিয়ে এই নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সমাজসেবক ও সংগঠক রুমেল উদ্দিন আহমেদ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর রুমেল উদ্দিন আহমেদ উপস্থিত সাংবাদিকদের ও আজীবন সদস্যদের উদ্দেশ্যে জানান, মানবিক সংগঠন রেড ক্রিসেন্টের মাধ্যমে আর্তমানবতার সেবায় নিজেকে আরও দৃঢ়ভাবে নিয়োজিত করতেই তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর এই নির্বাচনী যাত্রায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্টজন, আজীবন সদস্য, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, আন্তরিক সহযোগিতা এবং মূল্যবান ভোট প্রার্থনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সবার সমর্থন ও ভালোবাসায় তিনি একটি সুন্দর ও জবাবদিহিমূলকমূলক ইউনিট গঠনে সফল হবেন।
এদিকে রুমেল উদ্দিন আহমেদের প্রার্থীতার খবরে তাঁর বন্ধুমহল, আত্মীয়-স্বজন ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা জানান, রুমেল উদ্দিন আহমেদ একজন পরোপকারী ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরও গতিশীল ও কল্যাণমুখী করতে তাঁর মতো নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তারা সকলের কাছে তাঁর জন্য দোয়া ও পূর্ণ সমর্থনের জোর দাবি জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন পর আয়োজিত এই কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে ঘিরে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়েই আজীবন সদস্যদের মধ্যে বাড়তি আমেজ তৈরি হয়েছে। ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে একটি যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।