পুকুর পাহারায় ছেলে, পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। গ্রেপ্তারকৃত মন মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী পুকুর পাহারায় গেলে তিনি শোবার ঘরে একা ছিলেন। এ সময় তার শ্বশুর তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এর প্রায় এক মাস আগেও একইভাবে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে ভুক্তভোগীর স্বামী তার বাবার হয়ে ক্ষমা চান এবং বিষয়টি কাউকে না বলার জন্য অনুরোধ করেন। পরে তিনি বিষয়টি ক্ষমা করে দেন। তবে, গত শনিবারের ঘটনার পর বিষয়টি পরিবারের অন্যদের জানালে উল্টো তাকে মারধর করা হয় এবং ঘটনা প্রকাশ না করার জন্য চাপ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরদিন রোববার (২২ আগস্ট) ভোরে ভুক্তভোগী শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে রোববার (২৩ আগস্ট) তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে তার মেয়ের সঙ্গে মন মিয়ার ছেলের বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। এর আগে তার মেয়ের বিয়ে হয়েছিল তার বড় বোনের ছেলের সঙ্গে। তবে ওই ব্যক্তি মাদকাসক্ত হওয়ায় দেড় মাসের বেশি তাদের সংসার টিকেনি। পরে মন মিয়ার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন তিনি।

তার অভিযোগ, প্রায় এক মাস আগে মেয়ের শ্বশুর মন মিয়া প্রথমবার তাকে ধর্ষণ করেন। সর্বশেষ কয়েকদিন আগে তিনি তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে শ্বশুর,শাশুড়ি ও ননদ তাকে মারধর করেন এবং হুমকি দেন। কোনো উপায় না পেয়ে তিনি থানায় মামলা করেছেন। ভুক্তভোগীর মা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী বলেন,ধর্ষণের অভিযোগ নিয়ে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযোগের পর তাঁর প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ধর্ষণের অভিযোগের বিষয়ে সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, গৃহবধূকে তার শ্বশুর ধর্ষণ করেছেন, এমন অভিযোগে মামলা হয়েছে। মামলার পরপরই অভিযুক্ত শ্বশুর মন মিয়াকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ভুক্তভোগীর চিকিৎসা চলছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *