ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে জাল টিকিটসহ গ্রেফতার ১: ভ্রাম্যমাণ আদালতে সাজা।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দীর্ঘদিন ধরে টিকিট জালিয়াতি করে সাধারণ যাত্রীদের প্রতারিত করে আসা কালু মিয়া নামের এক ব্যক্তিকে অগণিত জাল টিকিটসহ গ্রেফতার করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযুক্ত কালু মিয়া একটিমাত্র আসল রেল টিকিটের ফটোকপি বা স্ক্যান কপি ব্যবহার করে আধুনিক প্রযুক্তির সাহায্যে তারিখ ও নাম পরিবর্তন করে নতুন করে প্রিন্ট নিত। এরপর সহজ-সরল যাত্রীদের কাছে এসব জাল টিকিট আসল দামেই বিক্রি করত। দীর্ঘদিন ধরে চলা এই জালিয়াতির কারণে বহু যাত্রী আর্থিক লোকসানের পাশাপাশি চরম ভোগান্তির শিকার হয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ শাহ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে স্টেশন এলাকা থেকে কালু মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন তারিখের ৮০-১০০টি আসনের জাল টিকিট জব্দ করা হয়।

পরবর্তীতে অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম অভিযুক্ত কালু মিয়াকে ১ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ যাত্রীদের নিরাপদ ও প্রতারণামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে টিকিট জালিয়াতি ও কালোবাজারি চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *