নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক এসআই। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সারকারখানা পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুরের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো জাহাঙ্গীর আলম ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন। হাঁটা শেষ করে তিনি ফাঁড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে তার ব্যবহৃত পিস্তলটি পড়ে ছিল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, নিজের পিস্তলের গুলিতে ফাঁড়িতে পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।