ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সুরক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় উদীচীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

ভাষা-আন্দোলনের পথিকৃৎ ও বীর শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখল চেষ্টার প্রতিবাদে এবং তা রাষ্ট্রীয়ভাবে সুরক্ষাকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ এই মানববন্ধনের আয়োজন করে।

উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসে ধীরেন্দ্রনাথ দত্তের অবদান অবিস্মরণীয়। পাকিস্তান গণপরিষদে তিনিই প্রথম বাংলায় কথা বলার ঐতিহাসিক অধিকার ও মর্যাদা অর্জনের দাবি উত্থাপন করেছিলেন। অথচ এই মহান বীরের স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়িটি নিয়ে কুচক্রী মহলের দখলচেষ্টা ও ষড়যন্ত্র অত্যন্ত লজ্জাজনক। বক্তারা অবিলম্বে ধীরেন্দ্রনাথ দত্তের এই ঐতিহাসিক সম্পত্তি সুরক্ষাকরণ এবং বাড়িটি সরকারি উদ্যোগে সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার জোরালো দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড সাজিদুল ইসলাম, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক শাহাজান সোহেল, বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল বাশার, জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন এবং ইউনেস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আমির ফারুক প্রমুখ।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *