সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিজয়নগরে উত্তাল মানববন্ধন।

জহির শাহ্, বিজয়নগর প্রতিনিধি:

গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগরের সাংবাদিক সমাজ। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয়নগরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিক্ষুব্ধ মানববন্ধন।

দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক এস এম টিপু চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—সাংবাদিক আব্দুর রহমান খান ওমর, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব সভাপতি হীরা আহমেদ জাকির, সহ-সভাপতি মোহাম্মদ মহসিন আলী, বিজয়নগর প্রেসক্লাব সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি সারোয়ার হাজারী, পলাশ ও জহির শাহ্ সহ আরও অনেকে।

বক্তারা বলেন, “আসাদুজ্জামান তুহিন কেবল একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন সত্যের কণ্ঠস্বর। তাঁর হত্যার মাধ্যমে অপরাধীরা মুক্ত সাংবাদিকতাকে গলা টিপে হত্যার চেষ্টা করেছে।” তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়া, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের হুমকি বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে স্লোগান দেন। বিজয়নগরের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেয়—“সত্য রক্ষার লড়াই থেকে আমরা সরে দাঁড়াব না।”

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *