ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উগ্রদক্ষিণপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, দেশে একটি উগ্রদক্ষিণপন্থী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, যারা দেশের মঙ্গল চায় না। ধর্মের নাম ব্যবহার করে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জোনায়েদ সাকি বলেন, “একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবেলা করেছি, তেমনি ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করা হবে না। বিএনপির নেতৃত্বে যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য সারাদেশে অটুট রাখতে হবে।” তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব, যেখানে সকল নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
তিনি রাজনৈতিক নেতৃত্বের শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা অপশক্তির উত্থান রোধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম।
সরকারের চলমান কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য ভাতাসহ বিভিন্ন কর্মসূচি পাইলট আকারে বাস্তবায়ন শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই এর সুফল জনগণ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ. খালেক পিএসসি। স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।