নিজস্ব প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কৃতি সন্তান নাদিয়া পাঠান পাপন। আজ সোমবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই তালিকা প্রকাশ করেন।
নাদিয়া পাঠান পাপন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা, সাহসী নেতৃত্ব এবং চমৎকার সাংগঠনিক দক্ষতার কারণে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং জাতীয় নির্বাচনে তার বলিষ্ঠ ভূমিকা দলের হাইকমান্ডের নজরে আসে।
পাপনের মনোনয়নের খবর তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরসহ পুরো জেলায় পৌঁছালে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করায় তৃণমূলের রাজনীতি আরও গতিশীল হবে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাদিয়া পাঠান পাপন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে অর্পিত দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।