নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলে করে গাঁজা পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার ও পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. রাত ১০:৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানাধীন ১০নং বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে গতিরোধ করে তল্লাশী চালানো হয়। তল্লাশিকালে মোটরসাইকেল থেকে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ জামশেদ প্রকাশ জমসেদ (৩৫)। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নারায়নপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, গ্রেফতারকৃত জামসেদ একজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় ০৩টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।