১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি 

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী আজ ২৭/০৯/২০২৬ খ্রি. লোকনাথ দীঘির পাড় (টেংকের পাড়), ব্রাহ্মণবাড়িয়া-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানা এলাকার ১০টি পুরুষ কাবাডি দল এবং ৬টি নারী কাবাডি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুরু থেকেই দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উৎসাহ ও প্রাণবন্ত ক্রীড়ানৈপুণ্য। পরবর্তীতে জমজমাট ও জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় বিজয়ী নির্ধারিত হয়। পুরুষ বিভাগের ফাইনাল খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি, সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম,প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি,ব্রাহ্মণবাড়িয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতি তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দলসমূহকে অভিনন্দন জানান এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের জন্য প্রশংসা করেন।

অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *