ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
“শ্রমিক-মালিক ঐক্য গড়ে, স্মার্ট বাংলাদেশ গড়তে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিকদিবস ২০২৫ পালিত হয়েছে।
বৃহষ্প্রতিবার (১ মে) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন। তাই তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদনমুখী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের দাবি নিয়ে র্যালী- সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করে দিনটি।