টিস্যু পেপার চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ।

সরাইল প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা সরাইল-লাখাই সড়কে যান চলাচল বন্ধ থাকে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের পাঠানপাড়া মোড়ে গড়ে উঠেছে বেশ কিছু খাবারের দোকান। এর মধ্যে ‘এরাবিয়ান ফুচকা হাউস’ নামের এক রেস্টুরেন্টে কুট্রাপাড়া গ্রামের রাব্বি নামে এক যুবক খাবার শেষ করে টিস্যু চান। রেস্টুরেন্টের স্টাফ জানান, টিস্যু শেষ হয়ে গেছে। এ নিয়ে রাব্বির সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য রেস্টুরেন্ট মালিক মুজিবুর রহমান আসলে তাঁর সঙ্গেও রাব্বির হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে কুট্রাপাড়া ও পাঠানপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। দুই ঘণ্টা ধরে ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করে এবং সরাইল-লাখাই সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *