বিজয়নগরের দুই ইউনিয়নকে আলাদা করার সিদ্ধান্তে স্থানীয়দের ক্ষোভ।

জহির শাহ্, প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন (ইসি) যে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা কমিশনের এ সিদ্ধান্ত প্রত্যাহার করে দুই ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে রাখার দাবি জানিয়েছেন।

এর আগে গত ৩০ জুলাই ইসি প্রাথমিকভাবে বিজয়নগরের হরষপুর, বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে আসন সীমানা পুনর্বিন্যাস করে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলনে নেমে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ আন্দোলনে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একযোগে অংশ নেন।

স্থানীয়দের আপত্তির পর গত ২৪ আগস্ট নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। কিন্তু আপত্তি সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বর ইসি চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন সাংবাদিকদের বলেন, “কমিশনের সিদ্ধান্তে স্থানীয়রা প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এটি বিজয়নগরকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ। জনগণের স্বার্থ রক্ষায় আমরা আন্দোলন চালিয়ে যাব, প্রয়োজনে আইনি লড়াইয়েও নামব।”

স্থানীয়রা মনে করছেন, কমিশনের এ পদক্ষেপে বিজয়নগরের অখণ্ডতা ক্ষুণ্ণ হয়েছে। তাঁরা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *