বিজয়নগরে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, শিক্ষার্থী-জনতার মানববন্ধনে ক্ষোভ।

জহির শাহ্, বিজয়নগর প্রতিনিধি |

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভিটিদাউদপুর গ্রামে চলাচলের একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে শিক্ষার্থী ও এলাকাবাসী একত্র হয়ে মানববন্ধন করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভিটিদাউদপুরের চাইল্ড কেয়ার একাডেমির সামনে কয়েক শতাধিক শিক্ষার্থী-শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন এই কর্মসূচিতে। তারা এক কণ্ঠে রাস্তাটি খোলা রাখার জোর দাবি জানান এবং যেকোনো দখলচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ছয় দশক ধরে ব্যবহৃত হয়ে আসা এই রাস্তাটি পুরো গ্রামের প্রাণশক্তি। ভিটিদাউদপুরের অন্তত ৩০টি পরিবারের দুই শতাধিক মানুষ প্রতিদিন এই পথেই চলাফেরা করেন। একই সঙ্গে চাইল্ড কেয়ার একাডেমির তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য নির্ভর করেন এই রাস্তায়। গ্রামের সরকারি রেকর্ডভুক্ত একমাত্র কবরস্থান, কৃষিজমি ও বিলের সাথে যোগাযোগের পথও এটি। ফলে এই রাস্তা বন্ধ হয়ে গেলে পুরো গ্রামবাসী কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে এই রাস্তাটি দখলের চেষ্টা করছে। তারা শুধু সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করছে না, বরং উল্টো গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এতে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্ক ও অনিশ্চয়তায় ভুগছেন।

বক্তারা আরও বলেন, “এই রাস্তা বন্ধ হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারবে না, রোগীরা চিকিৎসার জন্য বের হতে পারবে না, এমনকি মৃতদেহ দাফনের জন্যও কবরস্থানে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। তাই কোনো অবস্থাতেই এই রাস্তা বন্ধ করা যাবে না।”

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রতিবন্ধকতা দূরীকরণের জোর দাবি জানান। তাদের অভিমত, গ্রামবাসীর জীবনধারা ও প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে ঐতিহাসিক এই পথটি যেকোনো মূল্যে খোলা রাখতে হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *