ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ১১দলীয় জোট মনোনীত,শাপলাকলি প্রতিকের প্রার্থী মোঃ আতাউল্লাহ’র পক্ষে নির্বাচনী পদযাত্রা করা হয়েছে।
২৮ জানুয়ারি রোজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্তমঞ্চ মাঠে এই নির্বাচনী পদযাত্রা সম্পন্ন হয়।
সু-শাসন,সংস্কার ও সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই পদযাত্রায় জোটের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এদেশের মানুষের মুক্তির সনদ। সেই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই আমরা রাষ্ট্র সংস্কারের লড়াইয়ে নেমেছি। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সু-শাসন পৌঁছে দিতে ‘শাপলাকলি’ প্রতীকের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “১১-দলীয় জোট কেবল ক্ষমতার জন্য নয়, বরং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উন্নয়ন ও এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে মো. আতাউল্লাহ একজন যোগ্য প্রতিনিধি হিসেবে কাজ করবেন।”
নির্বাচনী পদযাত্রায় প্রার্থী মো. আতাউল্লাহ ভোটারদের উদ্দেশে বলেন, “আমি আপনাদেরই সন্তান। বিজয়নগর ও সদরের প্রতিটি মানুষের সুখে-দুখে পাশে থাকতে চাই। শাপলাকলি প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এই এলাকাকে আধুনিক ও মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলব।”
পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা সু-শাসন ও সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে স্থানীয় এনসিপি ও ১১-দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ভোটারদের ভয়-ভীতিহীন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।